যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ আমিনুল হক নিয়োগ পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশ সরকারের নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন আমিনুল হক। ১৭ ফেব্রুয়ারি সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আমিনুলের নিয়োগে বেশ খুশি বিসিবি। 
আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি লেখে, ‘বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ আমিনুল হক নিয়োগ পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তরিক অভিনন্দন জানিয়েছে।’
‘খেলার মাঠে আমিনুল হকের নেতৃত্ব দেশের সমর্থক এবং তরুণ ক্রীড়াবিদদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের জাতীয় ক্রীড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত, যা সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার অভিজ্ঞতার মূল্যায়নেরই প্রতিফলন।’
বিসিবি সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমিনুল হকের মতো একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষা সরাসরি উপলব্ধি করেন। আমি বিশ্বাস করি, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়ার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিসিবি নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যাতে দেশের সর্বস্তরে ক্রীড়ার প্রসার ও শক্তিশালীকরণ নিশ্চিত হয় এবং বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য ধারাবাহিক অগ্রগতি ও সুযোগ সৃষ্টি করা যায়।’
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক দীর্ঘ দিন ধরেই যুক্ত বিএনপির রাজনীতিতে। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করে হেরে যান তিনি। তবে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন আমিনুল।