বিশ্বকাপের সপ্তাহখানেক আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:১৪


গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েছিলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এরপর মাঝে কেবল অ্যাশেজ সিরিজের একটি টেস্ট খেলেছেন। ৬ উইকেট শিকারের পর তাকে বড় ঝুঁকি এড়াতে বিশ্রামে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। তাদের প্রত্যাশা ছিল পুরো ফিট হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কামিন্স। তবে আইসিসির এই মেগা ইভেন্ট শুরুর সপ্তাহখানেক আগে তিনি ছিটকে গেছেন।
কামিন্সের বদলে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন ৩১ বছর বয়সী পেসার বেন দারউইশ। এ ছাড়া অফফর্মে থাকা ম্যাথু শর্টকে বাদ দিয়ে তার জায়গায় নেওয়া হয়েছে ম্যাট রেনশকে। তবে চূড়ান্ত স্কোয়াডে এবারও সুযোগ মেলেনি বিগ ব্যাশে দুর্দান্ত ফর্ম দেখানো অভিজ্ঞ তারকা স্টিভেন স্মিথের। এ ছাড়া ইনজুরি থেকে ফেরা জশ হ্যাজলউড, টিম ডেভিড এবং নাথান এলিসকে বিশ্বকাপের জন্য পূর্ণ ফিট হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে কামিন্সকে শুরুতে অস্ট্রেলিয়ার প্রাথমিক ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল, উদ্দেশ্য ছিল তার পিঠের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে তাকে টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলো পর্যন্ত দলে বহাল রাখা। তবে তিনি মধ্য-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের পর থেকে আর কোনো ম্যাচ খেলেননি। সেটাই ছিল গত জুলাইয়ের পর তার একমাত্র ম্যাচ, যখন প্রথমবারের মতো তার নিচের পিঠে লাম্বার স্ট্রেস ইনজুরির উপসর্গ দেখা দেয়। জানুয়ারিতে করা সর্বশেষ স্ক্যানের ফল ইতিবাচক হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্সের “পুরোপুরি সুস্থ হতে আরও সময় প্রয়োজন।”