ক্রিকেটকে বিদায় জানালেন পেসার শফিউল

স্পোর্টস ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৬, ২২:১৫

নিয়মিত ঘরোয়া লিগে খেললেও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন শফিউল ইসলাম। এক সময় জাতীয় দলের ভরসার প্রতীক হিসেবে খ্যাত এই পেসার এবার তার ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন।
রোববার (৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে শফিউল ইসলাম সকল ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।
তিনি আরও জানিয়েছেন, এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগনিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকে পর্যন্ত আসা সম্ভব ছিল না।     
শফিউল তার পোস্টে অনিচ্ছাকৃতভাবে কারো অনুভূতিতে আঘাত হয়ে থাকলে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ আমার ব্যবহারে মনক্ষুণ্ন হন, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। নতুন জীবনে পদার্পণ করছি, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের সাথেই থাকব। ধন্যবাদ সবাইকে।
শফিউল ২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ৩৬ বছর বয়সী এই পেসার সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এবং ১০৭টি উইকেট নিয়েছেন।