বিশ্বকাপে খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল 

স্পোর্টস ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪২


ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর নানামুখী আলোচনা পাকিস্তান দলকে নিয়ে। শাস্তির কথাও শোনা যাচ্ছে। এসবের মাঝেই টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সোমবার কলম্বো পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।
১৫ সদস্যের পাকিস্তান দলটির নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক সালমান আলী আগা। দলে আরও রয়েছেন বাবর আজম, আবরার আহমেদ, ফখর জামান, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফায়, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান ও উসমান তারিক।
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর সোমবার ও মঙ্গলবার বিশ্রামে থাকবে বাবর আজমরা। এরপর ৪ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।
এই ভেন্যুতেই গ্রুপ পর্বে পাকিস্তানের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে—৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে, ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হাইব্রিড মডেলের আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে। বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তান ও ভারতের একে অপরের দেশে সফর এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে দুই দলই নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে।
পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে নকআউট পর্বের ম্যাচগুলো হবে কলম্বোয়। অন্যথায় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায় এবং ফাইনাল হবে আহমেদাবাদে।
উল্লেখ্য, রবিবার পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান এই টুর্নামেন্টে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না তারা।