
ভারত ও ব্রাজিলকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য করার বিষয়ে সমর্থন দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি দেশ দুটির জন্য স্থায়ী আসন এবং আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে মত দেন।
নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার ভাষণ দেন ল্যাভরভ। তাঁর ভাষণটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে জাতিসংঘ নিউজ (ইউএন নিউজ)। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় গণমাধ্যমও ল্যাভরভের মন্তব্যটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
ইউএন নিউজ অনুযায়ী, ভাষণে ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদ সংস্কারের ক্ষেত্রে জার্মানি বা জাপানের জন্য নতুন কোনো আসন তৈরি করা উচিত নয়। দেশ দুটি সামরিকীকরণ ও প্রতিশোধ পরায়ণতার পথে এগিয়েছে। এর পরিবর্তে ব্রাজিল ও ভারতের জন্য স্থায়ী আসন এবং আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানো উচিত।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনার বিষয়ে বৈশ্বিক সংলাপ ও চীনের একটি প্রস্তাবের কথা উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া ওই প্রস্তাবকে সমর্থন দিয়েছে। এতে বৈশ্বিক এআই সহযোগিতা সংস্থা গঠনের কথা বলা হয়েছে।
ভাষণে ন্যাটোর বিরুদ্ধে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব এশিয়ায় কার্যক্রমের পরিধি বাড়ানোর অভিযোগ করেন ল্যাভরভ। তিনি জানান, রাশিয়া, বেলারুশ ও সমমনা অংশীদাররা নিউইয়র্কে একটি সম্মতি তৈরি করেছে। এর মাধ্যমে ইউরেশীয় সনদ তৈরির কাজ শুরু হয়েছে।
অন্য দেশগুলোকেও ইউরেশীয় সনদে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি বলেন, এটি মহাদেশজুড়ে শান্তি ও উন্নয়নের নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ।