
‘শান্তি চাই, তবে দুর্বলতা ভেবে ভুল করলে বড় ভুল হবে’ ,পাকিস্তানকে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ যোগ দিয়ে তিনি বলেন, ভারত প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না বা যুদ্ধও বাঁধানো তাদের উদ্দেশ্য নয়। কিন্তু এর অর্থ এই নয় যে ভারত নিজের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেবে।
প্রতিবেশী দেশ যতদিন সন্ত্রাসবাদের পথ থেকে সরে না আসবে, ততদিন সন্ত্রাসবাদীদের কোণঠাসা করতে যেকোনো কড়া পদক্ষেপ নিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না ভারত। মূলত পাকিস্তানের দিকেই আঙুল তুলেছেন রাজনাথ। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে নৃশংস হামলায় ২৬ জনের প্রাণহানির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ভারত এর আগেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে উপযুক্ত জবাব দিয়েছে।
রাজনাথ সিং আরও বলেন, ভারত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়, তবে যদি কেউ সন্ত্রাসবাদ জিইয়ে রাখে, তবে সেই আলোচনার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। দেশের স্বার্থে এবং জাতীয় নিরাপত্তায় ভারত সবসময় আপসহীন।
সূত্র: এনডিটিভি।