শিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল

ডেস্ক রিপোর্ট
  ১৭ জুলাই ২০২৬, ০১:১২


শিবিরের কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদল হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।  
ডা. জায়েদ আহমাদ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী ডা. জায়েদ আহমাদ এর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সভাপতি, মেডিকেল জোন সেক্রেটারি এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।  তার গ্রামের বাড়ি কুমিল্লায়। 
এদিকে সদ্য বিদায় নেওয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমের স্থলে দায়িত্ব পেয়েছেন আসিফ আব্দুল্লাহ। 
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
একই সঙ্গে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের আংশিক হালনাগাদ দায়িত্বপ্রাপ্তদের তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে ১২ জন নির্বাচিত এবং একজন মনোনীত কার্যকরী পরিষদ সদস্যের ছাত্রজীবন সমাপ্ত হওয়ায় সংবিধান অনুযায়ী কার্যকরী পরিষদ উপনির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়। 
কার্যকরী পরিষদ উপনির্বাচন ২০২৬-এ সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শক্রমে আরও ১ জনকে কার্যকরী পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করেন।