চুক্তির জন্য চরম মরিয়া ছিল ইরান

ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ জুন ২০২৬, ২২:২৯

ইরানের সঙ্গে সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে তৈরি হওয়া সমালোচনার কড়া জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি দাবি করেছেন, এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই চরম মরিয়া ও হতাশাজনক পরিস্থিতিতে ছিল।
সমালোচকদের উদ্দেশ্য করে ট্রাম্প তার পোস্টে লেখেন, আমরা কোনো হতাশা থেকে আলোচনায় বসিনি, ইরানই চরম নিরুপায় হয়ে আমাদের কাছে এসেছিল। ইরানের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি ইঙ্গিত করে তিনি বেশ জোরালো ভাষায় যোগ করেন, ওরা পুরোপুরি শেষ!
চুক্তির পরবর্তী ধাপের বিষয়ে আলোকপাত করে মার্কিন প্রেসিডেন্ট জানান, সমঝোতা স্মারকে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য যে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যুক্তরাষ্ট্র সেই অনুযায়ীই এগোবে। তিনি বলেন, আমরা এই ৬০ দিনের সময়সীমা পুরোপুরি কাজে লাগাব।
একই সাথে ইরানকে কোনো ধরণের আর্থিক ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করে ট্রাম্প সাফ জানিয়ে দেন, তারা কোনো অর্থ পাচ্ছে না, এমনকি ১০ সেন্টও নয়! তার এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বা আর্থিক কড়াকড়ি শিথিল করার কোনো সম্ভাবনা নেই।

সূত্র: আল-জাজিরা।