ইরানকে মার্কিন সেনাদের অবস্থান খুঁজে দিচ্ছে রাশিয়া

জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ মার্চ ২০২৬, ২৩:৩৩

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা করছে ইরান। তাদের নিখুঁতভাবে নিশানা করার জন্য রাশিয়া তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে সংঘাতের শুরু থেকেই অভিযোগ করে আসছে মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সূত্র। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তার অভিযোগ, মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সেনারা অবস্থান করছেন এবং তাদের গতিবিধি কেমন- তা শনাক্ত করে ইরানকে জানিয়েছে দিচ্ছে রাশিয়া।
জেলেনস্কি জানান, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন এবং মিত্রবাহিনীর সামরিক ঘাঁটিতে রাশিয়া নজরদারি চালিয়েছে বলে ইউক্রেনের কাছে গোয়েন্দা তথ্য আছে।
টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি বলেন, চলতি সপ্তাহে কুয়েত, সৌদি আরব, তুরস্ক, কাতারসহ সাতটি অবস্থানে নজরদারি বা ছবি তোলা হয়েছে। এর মধ্যে ভারত মহাসাগরের দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ ঘাঁটিও আছে।
জেলেনস্কি ইঙ্গিত দেন, এ তৎপরতা বৃহত্তর ভূ-রাজনৈতিক উত্তেজনার সঙ্গে যুক্ত হতে পারে। একই সঙ্গে তিনি মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করেন। সেখানে তিনি ইরানি হামলা মোকাবিলায় ইউক্রেনের যুদ্ধে পরীক্ষিত ড্রোন প্রযুক্তি সহায়তার প্রস্তাব দেন। এছাড়া তিনি সৌদি আরব ও কাতারের সঙ্গে ১০ বছর মেয়াদী একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই।