
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের ক্রুরা ‘অক্ষত আছেন এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। খবর বিবিসির।
তাদের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ঘটনার ‘পরিস্থিতি’ নিয়ে তারা তাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্স জানিয়েছে, সেখানে ফায়ার ফাইটার্স এবং অ্যাম্বুলেন্সও রয়েছে। এরইমধ্যে ধোঁয়া দেখা যাওয়ার পর দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।
একইসঙ্গে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে, হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯
ইরানের পর এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত কয়েক ঘণ্টার হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।
আয়াত উল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে আজ ভোরে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক দফায় রকেট ও ড্রোন হামলা চালায়। ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর এটিই হিজবুল্লাহর পক্ষ থেকে এটিই প্রথম বড় ধরনের আক্রমণ।
এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনী 'অপারেশন রোয়ারিং লায়ন' এর অংশ হিসেবে লেবাননজুড়ে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলীতে হামলায় ২০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। হামলার ভয়ে বৈরুত এবং দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জানিয়েছেন, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্র গুদাম লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। ইসরায়েলি জেনারেলরা সতর্ক করেছেন যে, লেবাননে এই আক্রমণ আরও জোরালো এবং দীর্ঘস্থায়ী হতে পারে।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর ফলে লেবাননের নিরাপত্তা বিপন্ন হচ্ছে এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর সুযোগ করে দিচ্ছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল