
নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসরকে সামনে রেখে নতুন লোগো উন্মোচন করা হয়েছে।
এবার আরও বড় পরিসরে আগামী ২২ থেকে ২৫ মে চার দিনের এ বইমেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগের দুই বছরের মত এবার জ্যামাইকা অ্যাভিনিউয়ের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনে নতুন বৈচিত্র্য যোগ করার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও তা বিস্তৃত করার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, নিউ ইয়র্কে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন ৩৫তম আসরকে ঘিরে নানা বিশেষ উদ্যোগ নিয়েছে।
মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান বিশ্বজিত সাহা বলেন, এর মধ্যে রয়েছে নতুন লোগো উন্মোচন এবং এ বইমেলার ঐতিহাসিক যাত্রা ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরতে একটি ‘সমৃদ্ধ’ স্মারকগ্রন্থ প্রকাশ।
১৯৯২ সালে নিউ ইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে এ বইমেলার সূচনা হয়। তখন থেকে প্রতিবছর এটি ঢাকার বাইরে বাংলা বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী হিসেবে নিজস্ব অবস্থান গড়ে তুলেছে।
তিন দশকেরও বেশি সময় ধরে এ মেলা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিক চর্চা এবং বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লেখক, গবেষক ও প্রকাশকরা অংশ নেন। চার দিনের এ আয়োজনে থাকে সেমিনার, সিম্পোজিয়াম, বই উন্মোচন, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।
আয়োজকদের আশা, এবারের আসর প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন উচ্চতায় পৌঁছানোর পথ তৈরি করবে। এ আয়োজন শুধু একটি বইমেলা নয়, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে, যা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হচ্ছে।