সিলেটে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক রশীদ আহমদকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
  ২০ এপ্রিল ২০২৬, ১৩:৪৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা) প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ও শিক্ষাবিদ প্রিন্সিপাল মাওলানা রশীদ আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রশীদ আহমদ মরহুম মাওলানা আব্দুল মতিন নন্দিরগ্রামীর (রহ.) সন্তান। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং ‘ইয়র্ক বাংলা’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিউইয়র্কের দুটি দ্বীনি প্রতিষ্ঠানে প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল হিসেবে যুক্ত আছেন। এছাড়াও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম শায়খ রফীক আহমদ মহল্লী। সঞ্চালনা করেন সহকারী শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা শামীম আহমদ মেঘারগ্রামী।
সংবর্ধিত অতিথি রশীদ আহমদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান অর্জনের জন্য গুনাহমুক্ত জীবনযাপন ও শিক্ষকদের অনুসরণ করা জরুরি। একাগ্রতা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে যোগ্য আলেম ও মুহাদ্দিস হিসেবে গড়ে উঠতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নায়েবে মুহতামিম মাওলানা ফয়েজ আহমদ, নায়েবে শায়খুল হাদীস মুফতি নাসির উদ্দিন তোয়াকুলী, মুহাদ্দিস মাওলানা বদরুল ইসলাম তুকুইরী, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদসহ অন্যান্য আলেম। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।