
মিশিগান প্রবাসী বাঙালিদের দীর্ঘদিনের প্রত্যাশিত কনস্যুলার অফিস স্থাপনের দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক টাউন হল মিটিংয়ে এ তথ্য জানান রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ইতিমধ্যে মিশিগানে কনস্যুলার অফিস চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কার্যক্রম শুরু হবে।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলেট স্থাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন যুক্তরাষ্ট্র সরকারের সম্মতির অপেক্ষা মাত্র।
টাউন হল মিটিংয়ে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ডেট্রয়েটে বাংলাদেশ কনস্যুলেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মিশিগানে বসবাসরত প্রায় এক লাখ বাংলাদেশির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়।
দীর্ঘদিন ধরে কনস্যুলার সেবা নিতে প্রবাসীদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি বয়স্ক ও শিশুদের নিয়ে ভোগান্তির শিকার হতে হতো।