
নিউইয়র্কের এস্টোরিয়ায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে সেবার মান ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। এক সময় যেখানে দীর্ঘ অপেক্ষা, ভিড় ও বিশৃঙ্খলার অভিযোগ ছিল নিয়মিত, সেখানে এখন তুলনামূলকভাবে সুশৃঙ্খল ও দ্রুত সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
গত বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরেজমিনে কনস্যুলেটে অবস্থানকালে দেখা যায়, পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজ এবং ফিঙ্গারপ্রিন্ট গ্রহণসহ বিভিন্ন কনস্যুলার সেবা নির্ধারিত প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। সেবাপ্রত্যাশীদের উপস্থিতি থাকলেও কোথাও বিশৃঙ্খলা বা অপ্রয়োজনীয় চাপ লক্ষ্য করা যায়নি।
কনস্যুলেটে প্রবেশের পর নিরাপত্তা তল্লাশি শেষে সেবাপ্রত্যাশীদের প্রথমে অভ্যর্থনা ডেস্কে যেতে হয়। সেখানে কর্মরত কর্মকর্তারা আগতদের কথা শুনে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্টারে পাঠিয়ে দিচ্ছেন। এতে সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হচ্ছে বলে জানান সেবাপ্রত্যাশীরা।
সরেজমিনে দেখা গেছে, সিরিয়াল অনুযায়ী আবেদনকারীদের ডাকা হচ্ছে এবং অপেক্ষাকৃত কম সময়ে তাদের কাজ সম্পন্ন হচ্ছে। পুরো প্রক্রিয়াজুড়ে শৃঙ্খলা, সমন্বয় এবং স্বাভাবিক পরিবেশ বজায় থাকতে দেখা গেছে।
কয়েকজন সেবাপ্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও কনস্যুলেটে সেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা, ভিড় এবং তথ্যের ঘাটতির কারণে ভোগান্তিতে পড়তে হতো। তবে এখন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
তাদের মতে, বর্তমান ব্যবস্থাপনায় কাজের গতি বেড়েছে এবং সেবা প্রাপ্তি অনেক সহজ হয়েছে। এতে সময় সাশ্রয় হচ্ছে এবং ভোগান্তিও কমেছে। অনেকেই আশা প্রকাশ করেন, সেবার এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও বজায় থাকবে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলেট আরও জনবান্ধব হয়ে উঠবে।