
স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয় ঘেরাওয়ের পরদিন বদলি করা হয়েছে খুলশী থানার ওসিকে। বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এ আদেশ জারি করেন।
আদেশে খুলশী থানার ওসি আব্দুর রহিমকে নগর বিশেষ শাখায় (সিটি এসবি), আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে খুলশী থানায় পদায়ন করা হয়েছে।
একই আদেশে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসেনকে আকবর শাহ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
গত ২৩ অগাস্ট আব্দুর রহিমকে সিটি এসবি থেকে খুলশী থানায় পদায়ন করা হয়েছিল।
দেড় মাসের মাথায় তাকে ফের বদলির বিষয়ে সিএমপি’র কোনো কর্মকর্তা মুখ খুলতে চাননি।
নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী কমিশনার আমিনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি অফিসিয়ালি কিছু জানি না। বিভিন্ন সাংবাদিকরা বিষয়টি আমাকে ফোন করে জানতে চাইছেন।”
এ বিষয়ে কথা বলতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী ও উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করে এবং এসএমএস দিয়ে তাদের কোনো বক্তব্য জানা যায়নি।
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা অবস্থান করছেন—এমন খবরে মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয় ঘিরে রাখে পুলিশ। ওই সময় নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার দুপুরে নগরীর ডবলমুরিং ডিটি রোড এলাকায় রূপসা বেকারি মোড়ে মশক নিধন ক্র্যাশ অনুষ্ঠানে সিটি মেয়র শাহাদাত হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা বগার পক্ষ নিয়ে খুলশী থানার ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ প্রীতির’ অভিযোগ এবং তিনি কীভাবে এ সরকারের আমলে ওসি হয়েছেন—সে প্রশ্ন তোলেন।
ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি বগার পক্ষ নিয়ে সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত বলেন, “ওয়াকিল কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী নয়। সে গত ১৭-১৮ বছর ধরে আন্দোলন সংগ্রামে ছিল। জুলাই-অগাস্টের একজন যোদ্ধাও সে। গত ১৬ বছরে তাকে প্রায় ৭০-৮০ টা মামলা দিয়েছে আওয়ামী লীগ।”
সিটি মেয়র অভিযোগ করে বলেন, “ওসি আব্দুর রহিম, সে আওয়ামী লীগের সময় বাকলিয়া থানার ওসি ছিল। বাকলিয়া থানার ওসি থাকা অবস্থায় যেখানে আওয়ামী লীগের সময় সে এনজয় করেছে।”
বিএনপি নেতা শাহাদাত বলেন, “খুলশী থানার ওসিতে সে যোগ দেওয়ার পর থেকে আওয়ামী লীগের কোনো নেতা অ্যারেস্ট হয় নাই। ছাত্রলীগ-যুবলীগের কোনো নেতা অ্যারেস্ট হয় নাই।”
বগা মঙ্গলবার রাতে সিটি করপোরেশন কার্যালয়ে না গেলেও তার ভাইয়েরা ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ দিতে তার কাছে গিয়েছিলেন বলে ভাষ্য মেয়রের
জানতে চাইলে খুলশী থানার ওসি আব্দুর বলেন, “মঙ্গল ও বুধবার দুই দিন ছুটিতে আছি। মঙ্গলবার রাতে অভিযান সম্পর্কে আমি অফিসিয়াল কিছু জানি না।”
আওয়ামী প্রীতি ও বাকলিয়ার ঘটনা নিয়ে সিটি মেয়রের অভিযোগ প্রসঙ্গে বলেন, “আমি যেসময় বাকলিয়ায় ওসি ছিলাম। সে সময় বাকলিয়ায় তেমন কোনো ঘটনা ঘটেনি। আমি পেশাদারত্ব দিয়ে দায়িত্ব পালন করেছিলাম।”
গত এক সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ১২ নেতা কর্মীকে গ্রেপ্তার করে আদালতে চালান করার কথা জানান ওসি আব্দুর রহিম।
পাহাড়তলী কলেজের এক শিক্ষককে ডেকে নিয়ে মারধরের অভিযোগে হওয়া এক মামলায় গত ৩ সেপ্টেম্বর রাতে খুলশী থানা পুলিশ ওয়াকিল উদ্দিন বগাকে ধরতে ওয়্যারলেস কলোনি এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের ওপর হামলা চালায় বগার অনুসারীরা। এসময় ছয় পুলিশ সদস্য আহত হয়েছিলেন।