
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট লিমনের মরদেহ নিয়ে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো (এমসিও) থেকে রওনা হবে। দুবাইয়ে এই ফ্লাইটের ট্রানজিট থাকবে। পরে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল বিমান বন্দরে পৌঁছাবে।
এর আগে এক পোস্টে গোলাম মোর্তোজা জানিয়েছিলেন, লিমনের প্রথম জানাজা ৩০ এপ্রিল দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়াতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে জামিল এবং আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৮ দিন পর গত ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর শিক্ষার্থী বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে বৃষ্টিকেও হত্যা করা হয়েছে।