মৌলভীবাজারে বিপৎসীমার ওপরে জুড়ী নদীর পানি

ডেস্ক রিপোর্ট
  ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০

মৌলভীবাজারে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জুড়ী নদীর পানি। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী নদীর পানি বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, অন্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মনু নদীর পানি বিপৎসীমার ২০৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপৎসীমার ২৭৩ সেন্টিমিটার নিচে রয়েছে। ধীরে বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারার পানি। বুধবার এই নদীর পানি বিপৎসীমার ২৪১ সেন্টিমিটার নিচে থাকলেও আজ ২৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার একমাত্র জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার এই নদীর পানি ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বৃহস্পতিবার পানি কিছুটা কমে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ বলেন, “মৌলভীবাজারের চারটি নদী উজান থেকে এসেছে। তাই বৃষ্টি হলে দ্রুত পানি নেমে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। আশার কথা হলো, মঙ্গলবার থেকে বৃষ্টি কমে গেছে। ফলে বন‍্যার শঙ্কাও কমেছে।”