কালবৈশাখী ঝড়ে দোকান লণ্ডভণ্ড : বগুড়ায় ব্যবসায়ীর মৃত্যু

জামালপুরে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। 
এর আগে, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন মা ও দুই মেয়ে। এ সময় বৈশাখী ঝড়ে ঘরে পাশে থাকা একটি বড় মেহগনি গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রাতে তাদের মৃত্যু হলেও সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু
বগুড়ার গাবতলী উপজেলা এলাকায় কালবৈশাখী ঝড়ে দোকানের ওপর গাছ পড়ে উমা চন্দ্র (৫২) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে ঘুমিয়ে ছিলেন।
আজ সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাত সাড়ে তিনটার দিকে গাবতলী এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় লাঠিগঞ্জ বাজারে উমা চন্দ্রের পানের দোকানের পাশে থাকা একটি পুরনো বটগাছ উপড়ে সরাসরি দোকানের ওপর পড়ে। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তাদের দীর্ঘ প্রচেষ্টায় গাছের নিচ থেকে উমা চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।