
ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের দুইবারের সদস্য আমেনা আহমেদ (৯০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর এভারগ্রীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমেনা আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিণী। তিনি ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন এবং দেশের প্রগতিশীল রাজনৈতিক ধারায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি ইডেন কলেজে অধ্যয়নকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় কর্মী হিসেবে অংশ নেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী এবং ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি ২০০৯ ও ২০১৪ সালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সর্বশেষ কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি তাঁর একমাত্র কন্যা, ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমানসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমান জানান, শনিবার বাদ মাগরিব কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে অবস্থিত “চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ” কার্যালয়ের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে তাকে তাঁর প্রয়াত স্বামী অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবরের পাশে দাফন করা হবে।