সিলেটের শাহী ঈদগাহে লক্ষাধিক মানুষের ঈদ জামাত

ডেস্ক রিপোর্ট
  ২১ মার্চ ২০২৬, ১৮:০২


মুঘল আমলে স্থাপিত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান। কয়েকশ বছরের নান্দনিক নিদর্শন। সিলেটের মানুষ শাহী ঈদগাহে নামাজ পড়তে পছন্দ করেন। এবার ভিন্ন পরিবেশ ছিল শাহী ঈদগাহে। সিলেটের লাখো মানুষ এবার এই ঈদগাহে ঈদ জামাত আদায় করেন। এ জামাতে নামাজ আদায় করেন বস্ত্র, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
দুই মন্ত্রীর কারণের ভিন্ন পরিবেশে এবারের ঈদ জামাত। ছিলো প্রাণখোলা উচ্ছ্বাসও। সিলেট নগরের বাইরে দূর-দূরান্ত থেকে লোকজন এসে এবারের ঈদ জামাতে শরীক হন। ঈদের জামাতে খুতবা পেশ করেন সিলেটের প্রখ্যাত আলেম ও বরুনার পীর সাহেব আল্লামা রশিদুর রহমান ফারুক।   
এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী এ জামাতে নামাজ আদায় করেন। জামাতের শুরুতেই ঈদগাহ কমিটির পক্ষে মোতাওয়াল্লী ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। একই সঙ্গে আগামীতে ঈদগাহের সৌন্দর্য বর্ধনের আশ্বাস প্রদান করেন।
জামাত শেষে বস্ত্র,পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন- দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখতে সরকার কাজ করছে বলে জানান তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মধ্যে আমাদের অনেক প্রবাসীরা রয়েছেন। তাদের নিরাপত্তাসহ সার্বিক সুবিধা বাড়াতে সরকার কাজ করছে। আর যারা মৃত্যু বরণ করেছেন তাদের লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।