
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফিরে জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চলতি বছরে দুই দেশের সম্পর্কে যে অগ্রগতি হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। একই সঙ্গে ওই অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
তিনি বলেন, এ বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চমৎকার অগ্রগতি নিয়ে আলোচনা করছি এবং এই অগ্রগতির ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়া ও গতি ধরে রাখার বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে কথা বলছি। বার্তার শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও ফিরে আসার কথা উল্লেখ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।