
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সভাপতিত্বে ফ্রান্সে চলমান জি-৭ সম্মেলনের শেষ দিনে দেখা গেল এক ভিন্ন রকম দৃশ্য। বুধবার (১৭ জুন) অধিবেশনের যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে নিজেকে 'বস' বলে দাবি করেন। ট্রাম্পের এমন মন্তব্যে মুহূর্তেই সভাকক্ষে হাসির রোল পড়ে যায় বিশ্বনেতাদের মাঝে। তবে এই হালকা চালের মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প নিজেকে বিশ্বমঞ্চের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে জাহির করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সম্মেলনের তৃতীয় দিনের সকালে অন্যান্য নেতারা ইতোমধ্যে নিজেদের আসনে বসে ছিলেন। এ সময় ট্রাম্প সভাকক্ষে প্রবেশ করে বলেন, আমি বস। তার এমন মন্তব্যে উপস্থিত নেতারা হাসিতে ফেটে পড়েন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিষয়টিকে রসিকতা হিসেবেই নেন। তিনি ট্রাম্পের খোঁজখবর নিলে মার্কিন প্রেসিডেন্ট সংক্ষিপ্তভাবে উত্তর দেন, ভালো আছি, ধন্যবাদ। এরপর তিনি নিজের নির্ধারিত আসনে গিয়ে বসেন।
ব্যবসায়ী জীবন থেকে রাজনীতিতে আসা ট্রাম্প একসময় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য অ্যাপ্রেন্টিসের সঞ্চালক ছিলেন। সেখানে তার বহুল আলোচিত সংলাপ ছিল, আপনাকে বরখাস্ত করা হলো।
সম্প্রতি ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে হওয়া একটি সমঝোতা উদ্যোগ এবং নিজের ৮০তম জন্মদিন উদযাপনের কারণে এবারের জি–৭ সম্মেলনে ট্রাম্প ছিলেন অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের এভিয়ান শহরে।
ফরাসি কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন যে ট্রাম্প পুরো সম্মেলনে অংশ নিয়েছেন এবং জি–৭-এর যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। এর আগে কানাডায় অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন।
সম্মেলন শেষে বুধবার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে ট্রাম্পের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ম্যাক্রোঁ। কূটনৈতিক মহলে এ আয়োজনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হলেও সমালোচনা এড়াতে ফরাসি প্রেসিডেন্ট আগেই জানিয়েছেন, এটি কোনো জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় ভোজ নয়।
সূত্র: রয়টার্স