
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হচুল ঘোষণা করেছেন, এই শরৎ থেকে ২ বছর বয়সী শিশুদের জন্য নতুন ফ্রি ডে কেয়ার প্রোগ্রাম ২-কেয়ার চালু হচ্ছে। এই প্রোগ্রাম মূলত শিশুদের প্রাথমিক শিক্ষা, সামাজিক দক্ষতা এবং মানসিক বিকাশকে সহায়তা করবে। একই সঙ্গে এটি পরিবারগুলোর ওপর আর্থিক চাপ কমাতে এবং শহরের অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি মেয়র মামদানি, গভর্নর হকুল এবং স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েলস ম্যানহাটনের সুগার হিল চিলড্রেনস মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড স্টোরিটেলিং পরিদর্শন করেছেন। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ২-কেয়ার প্রোগ্রামের আওতায় শিশু কেয়ার প্রদানকারী হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রাথমিক ধাপে চারটি প্রধান এলাকায় মোট ২ হাজার শিশুর জন্য সিট বরাদ্দ করা হয়েছে। এলাকাগুলো হলো- ম্যানহাটনের ওয়াশিংটন হাইটস এবং ইনউড, উত্তর ব্রুকলিনের ফোর্ডহ্যাম ও কিংসব্রিজ, দক্ষিণ ব্রুকলিনের ক্যানার্সি, ব্রাউনসভিল এবং ওশান হিল, এবং কুইন্সের ওজোন পার্ক এবং রকওয়েজ।
মেয়র মামদানি বলেন, এই চারটি এলাকায় ২-কেয়ার প্রোগ্রাম চালু করা কেবল প্রাথমিক ধাপ, তবে এটি ভবিষ্যতের বিস্তৃত পরিকল্পনার সূচনা। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে নিউইয়র্কবাসীর জন্য অর্থ সাশ্রয় হবে, পরিবারগুলো নিরাপদ ও মানসম্মত শিশুশিক্ষার সুযোগ পাবে এবং শহরের অর্থনীতি শক্তিশালী হবে।
গভর্নর হকুল বলেন, এটি নিউইয়র্ক রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো পরিবার ও শিশুদের জন্য এমন একটি প্রতিশ্রুতি। তিনি জোর দিয়ে বলেছেন, এই উদ্যোগে কোনো পিছপা হবে না এবং এটি দীর্ঘমেয়াদে শহরের সব পরিবারকে সুবিধা দেবে। প্রাথমিক ধাপে অর্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত হয়েছে। আগামী বছর প্রোগ্রামটি ১২ হাজার শিশুর মধ্যে সম্প্রসারিত হবে এবং চতুর্থ বছরে শহরের সব ২ বছর বয়সী শিশু এতে অন্তর্ভুক্ত হবেন। তবে প্রথম ধাপের ভর্তি শুধুমাত্র নির্বাচিত এলাকায় সীমিত থাকবে।
মেয়র মামদানি জানান, এই এলাকাগুলি নির্বাচনের কারণ দুটি: এক, এখানে প্রোভাইডাররা বছরের শেষের আগে সেবা দিতে প্রস্তুত ছিল; দুই, অর্থনৈতিক প্রয়োজনের প্রতিফলন। চতুর্থ বছরের শেষে শহরের সব ২ বছর বয়সী শিশুই এই প্রোগ্রামের আওতায় আসবে।
প্রাথমিক ধাপের বাইরে স্ট্যাটেন আইল্যান্ড অন্তর্ভুক্ত নয়। মেয়র জানান, আগামী বছর এটি অন্তর্ভুক্ত হবে। ভর্তি প্রক্রিয়া গ্রীষ্মকালে শুরু হবে, তবে শিশু নির্বাচন কিভাবে হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। শিক্ষাবিদরা বলছেন, ছোট বয়সের শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য মানসম্মত পরিবেশ এবং সঠিক নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২-কেয়ার প্রোগ্রামের মাধ্যমে শিশুরা সামাজিক দক্ষতা, মনোযোগ এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা পাবে।
অভিভাবকরা প্রোগ্রামটি নিয়ে উচ্ছ্বসিত। ম্যানহাটনের বাসিন্দা রাশিদা রহমান বলেন, ছোট বয়সে শিশুরা যখন খেলাধুলা, গল্প ও শিল্পকর্মের মাধ্যমে শেখে, তখন তাদের মানসিক ও সামাজিক বিকাশ অনেক দ্রুত হয়। তিনি বলেন, ফ্রি চাইল্ড কেয়ার পেলে পরিবারগুলোর জন্য আর্থিক বোঝা কমবে, বিশেষ করে যাদের দুটো বা ততোধিক ছোট শিশু রয়েছে। অন্য অভিভাবক জোসেফিন লোপেজ বলেন, ছোট বয়সের শিক্ষার সুবিধা না থাকলে অনেক পরিবারকে প্রাইভেট প্রোগ্রামে বড় অঙ্কের খরচ বহন করতে হয়। এই প্রোগ্রাম সেই চাপ কমাবে এবং শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে।
শিক্ষাবিদরা বলেন, প্রোগ্রামের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দলবদ্ধ কাজের দক্ষতা, সহমর্মিতা এবং সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ হবে। তারা বলছেন, শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে এই প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মেয়র মামদানী বলেন, শহরের পরিবার এবং শিশুরা এই প্রোগ্রামের মাধ্যমে সমান সুযোগ পাবে, যা ভবিষ্যতে শহরের সামাজিক ও শিক্ষাগত মান উন্নত করবে।
প্রসঙ্গত, ২-কেয়ার প্রোগ্রামের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি শহরের আর্থিক ও সামাজিক অঙ্গনকে শক্তিশালী করবে। পরিবারগুলোর জন্য শিশুদের নিরাপদ ও মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত হওয়ার ফলে অভিভাবকরা কর্মক্ষেত্রে আরও মনোযোগী হতে পারবেন। এতে পরিবারের আয়ের স্থিতিশীলতা বাড়বে এবং শহরের অর্থনীতি আরও শক্তিশালী হবে।