ছাঁটাই নিয়ে ক্ষোভ, ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইসের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৩

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ও প্রভাবশালী গণমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ গত বুধবার তাদের এক-তৃতীয়াংশ সংবাদ কর্মী ছাঁটাই করেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমটিতে ৩০০ জনেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। এনিয়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রকাশক উইল লুইস। অবশেষে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 
বার্তাসংস্থা এএফপি বলছে, ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘটনায় পাঠকদের কড়া ক্ষোভের মুখে পড়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন এই ঐতিহ্যবাহী সংবাদপত্র। এমন পরিস্থিতিতে পত্রিকাটি উইল লুইসের সরে দাঁড়ানোর খবর দিল। 
ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লুইসের স্থলাভিষিক্ত হচ্ছেন জেফ ডি’ওনোফ্রিও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টাম্বলারের সাবেক সিইও এবং গত বছর চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে ওয়াশিংটন পোস্টে যোগ দেন। 
ডি’ওনোফ্রিওর এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে। সহকর্মীদের পাঠানো এক মেইলে লুইস বলেন, ‘সরে দাঁড়ানোর জন্য এটাই আমার উপযুক্ত সময়।’
প্রায় ১৫০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি ওয়াটারগেট কেলেঙ্কারির মতো বড় বড় খবর সামনে এনে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিল।