২৩ বছর পর এসএ গেমস পাকিস্তানে, খেলতে রাজি ভারত

স্পোর্টস ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬

আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ এসএ গেমসে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী বছর এপ্রিলের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে এই আসর। এই আসরের মাধ্যমে ২৩ বছর পর দেশটিতে ফিরতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা।
সোমবার দ্য নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ জানিয়েছেন, দক্ষিণ এশিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গেমসে অংশ নিতে আমন্ত্রণ পাওয়ার পর তারা সম্মতি জানিয়েছে।
খালিদ মাহমুদের জানান, আঞ্চলিক ক্রীড়া পর্যায়ে ভারত নীতিগতভাবে অংশগ্রহণে সম্মতি দিয়েছে। তাদের প্রতিনিধি দলের বিস্তারিত ২০২৭ সালের জানুয়ারিতে জানানো হবে।
এদিকে গেমস আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে আয়োজনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে।
আন্তর্জাতিক মানের ভেন্যু, নিরাপত্তা, যাতায়াত, আবাসন, চিকিৎসাসেবা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
২০২৭ এসএ গেমসে মোট ২৮টি খেলায় প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে। ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে।
এর আগে, সর্বশেষ ২০০৪ সালে এসএ গেমস আয়োজন করেছিল পাকিস্তান। ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল নবম আসর। ফলে ২০২৭ সালের আসর দিয়ে দুই দশকেরও বেশি সময় পর আবারও এই আঞ্চলিক বহু-ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক হতে যাচ্ছে দেশটি।