বাংলাদেশের কাছে ৭ গোল খেয়ে হেরেছিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  ২১ জুন ২০২৬, ২২:৩৩

ব্রাজিল, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, জোগো বনিতোর দেশ… দেশটির ফুটবল কত লাখো ফুটবলারকে খেলায় এনেছে তার ইয়ত্তা নেই। তবে সেই ব্রাজিলকেই কি-না একবার ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ!
না, মূল দলকে নয়। ব্রাজিলের কিশোরদের হারিয়েছিল বাংলাদেশের একদল কিশোর ফুটবলার। ঘটনাটি ঘটেছিল ১৯৯০ সালে। সে সময় ইউরোপে দুটি বড় যুব টুর্নামেন্ট হতো। একটি ডেনমার্কের ডানা কাপ। অন্যটি সুইডেনের গথিয়া কাপ। এই দুই টুর্নামেন্ট ছিল তরুণ ফুটবলারদের প্রতিভা দেখানোর বড় জায়গা। 
সেখানে অংশ নেয় বাংলাদেশের একটি অনূর্ধ্ব-১৪ দল। দলটির নাম ছিল ‘বাংলা একাদশ’। মূলত নতুন প্রতিভা খুঁজে বের করার জন্য এই দল আন্তর্জাতিক অভিজ্ঞতা নিতে সেখানে যায়।
টুর্নামেন্টের এক পর্যায়ে বাংলাদেশের এই দলের মুখোমুখি হয় ব্রাজিলের অনূর্ধ্ব-১৪ দল। ব্রাজিল দল মাঠে নামে তাদের পরিচিত হলুদ জার্সি পরে। স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিল ব্রাজিল সহজে জিতবে। কিন্তু মাঠের খেলা হলো একদম উল্টো।
খেলার শুরু থেকেই বাংলাদেশের ছেলেরা আক্রমণাত্মক ফুটবল খেলে। একের পর এক গোল আসতে থাকে। পুরো ম্যাচটাই হয়ে ওঠে একতরফা। শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় ৭-০। এই ফল ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা হয়ে থাকল।
শুধু এই ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের কিশোররা ভালো খেলে। কিছু সংবাদমাধ্যম দাবি করে, শুধু ব্রাজিল নয়, আরও কয়েকটি শক্তিশালী ইউরোপীয় দলকেও বড় ব্যবধানে হারায় তারা। অবশ্য এত বছর পার হয়ে যাওয়ায় এই দাবিগুলোর সব তথ্য আজও পুরোপুরি যাচাই করা যায়নি।