বিশ্বকাপে নিষিদ্ধ করা হলো ভুভুজেলা

স্পোর্টস ডেস্ক
  ০৬ জুন ২০২৬, ১৯:৩৮

ভুভুজেলা—২০১০ সালের বিশ্বকাপে সেই কানে তালা লাগানো বাঁশির শব্দ এখনো ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে আছে। শৈশবে মেলায় কেনা প্লাস্টিকের বাঁশির মতোই এই যন্ত্র একদিকে দর্শকদের আনন্দ দিলেও অন্যদিকে আশপাশের মানুষের জন্য তা ছিল চরম বিরক্তির কারণ। একসঙ্গে বহু ভুভুজেলা বাজলে শব্দের মাত্রা কতটা ভয়াবহ হতে পারে, তা প্রথম বড়ভাবে দেখা যায় দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে।
সেই টুর্নামেন্টে স্টেডিয়ামজুড়ে ভুভুজেলার অনবরত শব্দ খেলোয়াড়, কোচ এবং রেফারিদের জন্য বড় সমস্যার সৃষ্টি করে। অনেক সময় রেফারির বাঁশির সংকেতও ঠিকমতো শোনা যেত না, ফলে কয়েক সেকেন্ড খেলা চলতে থাকত। বিষয়টি নিয়ে তখন ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।
এবার আসন্ন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপকে সামনে রেখে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। নতুন স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী ভুভুজেলা সহ যেকোনো ধরনের অতিরিক্ত শব্দ তৈরি করে এমন যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি লেজার লাইট ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শুধু তাই নয়, দর্শকদের পোশাক ও আচরণ নিয়েও কঠোর নির্দেশনা জারি করেছে ফিফা। শরীর রং করা বা ট্যাটুকে পোশাক হিসেবে গণ্য করা হবে না। স্টেডিয়ামে নগ্নভাবে প্রবেশ, অশালীন আচরণ বা শরীর প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া পানির বোতল নিয়েও স্টেডিয়ামে প্রবেশের অনুমতি থাকবে না—নিয়ম ভাঙলে দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হবে।