পুরুষ দলে নারী প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৬, ২৩:০৪

জার্মানির বুন্দেসলিগা ক্লাব ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৪ বছর বয়সী মারি-লুইস। এতে ইউরোপে প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচের ইতিহাস গড়লেন তিনি।
শনিবার পয়েন্ট টেবিলের তলানির দল এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারে ইউনিয়ন বার্লিন। এই হারের পরই কোচ স্টিফেন বমগার্টকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। বর্তমানে লিগ টেবিলের ১১ নম্বরে থাকলেও ২০২৬ সালে খেলা ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। রেলিগেশন জোন থেকে ১১ পয়েন্ট দূরে থাকলেও দলের টানা এমন ব্যর্থতায় শঙ্কিত বোর্ড। তাই মৌসুমের বাকি ৫ ম্যাচের জন্য দলের হাল ধরার বড় দায়িত্ব দেওয়া হয়েছে মারি-লুইসকে।
মারি-লুইসের জন্য ইতিহাস গড়া অবশ্য নতুন কিছু নয়। ২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়ে বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ হওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। এমনকি ২০২৪ সালের জানুয়ারিতে প্রধান কোচ নেলান্দ বিয়েলিকা নিষিদ্ধ থাকায় ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে দলকে নেতৃত্বও দিয়েছিলেন মারি-লুইস।
সাবেক জার্মান ইয়ুথ ইন্টারন্যাশনাল এবং টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফুটবলার জুলাই ২০২৫ থেকে ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। বর্তমান মৌসুম শেষে তিনি ক্লাবটির নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব গ্রহণ করবেন।
দায়িত্ব পাওয়ার পর মারি-লুইস বলেন, ‘পয়েন্ট টেবিলের নিচের দিকে ব্যবধান খুব বেশি নয়, তাই বুন্দেসলিগায় আমাদের অবস্থান এখনো পুরোপুরি নিরাপদ নয়। ক্লাব আমার ওপর যে ভরসা রেখেছে তাতে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, লিগে টিকে থাকার জন্য আমরা প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে পারব।’