বিগ ব্যাশে সবার আগে প্লে-অফে রিশাদদের হোবার্ট

স্পোর্টস ডেস্ক
  ১১ জানুয়ারি ২০২৬, ১৫:০৬

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় চলমান বিগ ব্যাশে (বিবিএল) প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেনস।
রবিবার সিডনি সিক্সার্সের বিপক্ষে হোবার্টের ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ শুরুর পর টানা বৃষ্টিতে খেলা আর মাঠে গড়ায়নি।
এর আগে সিডনির শক্তিশালী ওপেনিং জুটি স্টিভ স্মিথ ও বাবর আজম প্রথম পাঁচ ওভারে ৩২ রান তুলেছিলেন। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে সেটা পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে সফল স্পিনার রিশাদ হোসেন এই ম্যাচে বল করার সুযোগই পাননি। ৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। এতে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে একটি ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোবার্ট তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার ব্রিসবেন হিটের মুখোমুখি হবে।