ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নিখোঁজ শতাধিক নির্বাসিত ভেনেজুয়েলান 

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ জুন ২০২৬, ১২:৫৪


যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হয়ে ভেনেজুয়েলায় ফিরে আসার মাত্র কয়েক ঘণ্টার মাথায় শক্তিশালী ভূমিকম্পের মুখে পড়েন শতাধিক অভিবাসী। একটি হোটেলে অবস্থানকালে ভূমিকম্পের আঘাতে ভবনটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তারা। পরবর্তীতে সেখান থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা সেই ভয়াবহ মুহূর্ত এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত ও মৃতদেহ উদ্ধারের রুদ্ধশ্বাস লড়াইয়ের বিবরণ দিয়েছেন।
হিউম্যান রাইটস ফার্স্ট-এর নির্বাসন ফ্লাইট পর্যবেক্ষণকারী উদ্যোগ আইসিই ফ্লাইট মনিটর-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্র কয়েক ঘণ্টা আগে মিয়ামি থেকে ১৪৬ জন ভেনেজুয়েলাবাসীকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট কারাকাস পৌঁছায়। তাদের মধ্যে ১৯ জন নারী এবং ৭টি শিশু ছিল। বিমানবন্দর থেকে তাদের লা গুয়াইরার হোটেল সান্তুয়ারিও লা লিয়ানা-তে নিয়ে যাওয়া হয়েছিল।
৫৮ বছর বয়সী লিসবেথ পোর্তিয়ো নামের এক নারী জানান, তিনিসহ প্রায় ২০ জন নির্বাসিত অভিবাসী হোটেলের ধ্বংসস্তূপ থেকে বের হতে সক্ষম হন এবং সাহায্যের আশায় রাস্তায় নেমে আসেন। তারা দেখেন মানুষজন দিশেহারা হয়ে ছুটছে, কেউ কেউ ধসে পড়া ভবন থেকে বেরিয়ে আসছেন।
মারাকাইবোতে নিজ বাড়ি থেকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে পোর্তিয়ো বলেন, আমরা প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে একটি ন্যাশনাল গার্ডের ভবনে পৌঁছাই এবং স্বজনদের সাথে যোগাযোগের সুযোগ পাই। সেখানে কোনও যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমি কেবল কাঁদছিলাম। মনে হচ্ছে আমার পুনর্জন্ম হয়েছে, ঈশ্বর আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমি এখনও ট্রমার মধ্যে আছি।
পোর্তিয়ো জানান, ভূমিকম্পে তিনি একটি বিমের নিচে চাপা পড়লেও পরবর্তী ঝাঁকুনিতে সবকিছু সরে গেলে তিনি বের হতে সক্ষম হন।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গণ-নির্বাসন প্রক্রিয়ার শিকার হয়ে দেশে ফিরতে হয়েছিল লিসবেথ পোর্তিয়োকে। আইসিই ফ্লাইট মনিটরের তথ্যমতে, মে মাসে যুক্তরাষ্ট্র থেকে ৩৮টি দেশে ২৮৮টি নির্বাসন ফ্লাইট পরিচালনা করা হয়। এর মধ্যে ভেনেজুয়েলাতেই পাঠানো হয়েছে ১২টি ফ্লাইট। দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ভেনেজুয়েলায় এই নির্বাসন ফ্লাইট পুনরায় শুরু হয়। 
প্রসঙ্গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হলো লা গুয়াইরা। ভেনেজুয়েলা সরকারের দেওয়া তথ্যমতে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১,৭০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: এপি