যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সত্ত্বেও লেবাননে হামলা থামাবে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ জুন ২০২৬, ১৪:৪৮


ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ লেবাননে তারা এখনও হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননে হামলা বন্ধ রাখার কথা বলা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রাতভর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় তারা একাধিক হামলা চালিয়েছে। তাদের দাবি, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করায় হিজবুল্লাহর বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েলের সর্বশেষ হামলায় নাবাতিয়েহ জেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশা করা হলেও, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত অব্যাহত থাকায় আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিরোধিতা করায় ইসরায়েলি মন্ত্রীদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের অতি-ডানপন্থি মন্ত্রীদের আমেরিকার প্রতি কৃতজ্ঞতাবোধ নেই বলে অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে মনে করিয়ে দিয়েছেন, ইসরায়েলকে রক্ষা করা অধিকাংশ অস্ত্রের খরচই আসে মার্কিন জনগণের ট্যাক্সের টাকা থেকে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই মন্তব্য করেন।
সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা দেখেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার কিছু সদস্য এই চুক্তির সমালোচনা করছেন। এমনকি তারা মার্কিন প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেছেন। অথচ এই মুহূর্তে পুরো বিশ্বে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। আর তিনি হলেন বিশ্বের এক পরাশক্তির প্রধান।