মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ মার্চ ২০২৬, ২৩:২৯

ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫-দফা প্রস্তাবের জবাব দিয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, গত রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে এবং তেহরান এখন ওয়াশিংটনের উত্তরের অপেক্ষায় আছে।
প্রতিবেদন অনুযায়ী, সংঘাত অবসানের জন্য ইরান বেশ কিছু শর্ত তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে তাদের ভাষায় ‘হত্যাকাণ্ড ও আগ্রাসন’ বন্ধ করা এবং ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি হবে না—এমন নিশ্চয়তা প্রদান।
তেহরান আরও দাবি করেছে যে, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ স্পষ্টভাবে নির্ধারণ ও গ্যারান্টি দিতে হবে। এছাড়া এই সংঘাত শুধু সরাসরি নয়, বরং যুদ্ধে অংশ নেওয়া এই অঞ্চলের ইরান-পন্থী গোষ্ঠীগুলোসহ সব ফ্রন্টে বা রণক্ষেত্রে বন্ধ করতে হবে।
সূত্রটি আরও যোগ করেছে, ইরান হরমুজ প্রণালির ওপর তাদের সার্বভৌমত্বকে একটি ‘স্বাভাবিক ও আইনগত অধিকার’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর জোর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগে জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান যে দাবিগুলো পেশ করেছিল, বর্তমান শর্তগুলো তার অতিরিক্ত।
তবে ওই সূত্র ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেছে, ইরান মনে করে যুক্তরাষ্ট্রের আলোচনার এই আহ্বান একটি ‘প্রতারণা’। 
তাদের মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত তিনটি লক্ষ্য অর্জন করতে চায়: নিজেদের শান্তিকামী হিসেবে তুলে ধরা, বিশ্ববাজারে তেলের দাম কম রাখা এবং দক্ষিণ ইরানে স্থল হামলার প্রস্তুতির জন্য সময়ক্ষেপণ করা।

সূত্র: আল আরাবিয়া।