ইরানের গ্যাসক্ষেত্র সাউথ পার্সে হামলা বিষয়ে ‘জানতো না’ যুক্তরাষ্ট্র

ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
  ১৯ মার্চ ২০২৬, ২৩:২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলা সম্পর্কে ওয়াশিংটন আগে থেকে কিছুই জানত না।
তবে মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে হামলা সম্পর্কে অবগত একটি ইসরায়েলি সূত্র দাবি করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমন্বয় করেই এই হামলা চালিয়েছে—যা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। একইসঙ্গে, একটি মার্কিন সূত্রও সিএনএনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এ হামলা সম্পর্কে ‘অবগত’ ছিল।
প্রতিবেদনে বলা হয়, এই হামলাকে চলমান সংঘাতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইসরায়েল ইরানের কিছু জ্বালানি ডিপোতে হামলা চালালেও সরাসরি তেল ও গ্যাস উৎপাদন স্থাপনায় আঘাত এড়িয়ে চলেছিল।
এর পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এর ফলে কাতারের প্রধান এলএনজি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, রাস লাফানের ক্ষয়ক্ষতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলবে।