
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ইরাকের অন্যতম এই বিমানবন্দরটি বন্ধ হওয়ার পর নানান ধরণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। খবর রয়টার্সের
তবে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রযুক্তিগত ত্রুটির কারণে অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। দ্রুতই তা ঠিক করা হবে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-কে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বিশেষায়িত প্রযুক্তিগত দলগুলি ইতোমধ্যেই ত্রুটি নির্ণয় এবং মেরামতের কাজ শুরু করেছে।
তিনি বলেন, মেরামত সম্পন্ন হলে এবং চূড়ান্ত প্রযুক্তিগত পরিদর্শন শেষ হলে, বিমানবন্দর আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবার ফ্লাইট কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।
মুখপাত্র এসময় সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলো অস্বীকার করেছেন। বাগদাদ এয়ারপোর্ট বন্ধ হলে স্থানীয় বা আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কিত ইস্যু জড়িয়ে গুজব ছড়ায়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালু হয়নি বিমানবন্দর।