হুমকির মুখে আলোচনা যায় না

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৬, ২২:৪৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানানোর দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তিনি যোগাযোগ করেননি। ওয়াশিংটনের সঙ্গে তেহরান আলোচনার অনুরোধ জানানোর প্রতিবেদনটিও তিনি অস্বীকার করেন। 
বুধবার (২৮ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান। 
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা অস্বীকার করলেও পরোক্ষ চ্যানেলগুলি সক্রিয় রয়েছে জানান তিনি। বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীরা পরামর্শ ও তেহরানের সঙ্গে যোগাযোগ করছে।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই যোগাযোগগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ হিসাবে ব্যাখ্যা করা উচিত নয়।
আরাকচি বলেন, চাপের মুখে আলোচনা এগোতে পারে না।  আলোচনা তখনই সম্ভব যখন হুমকি এবং অতিরিক্ত দাবি তুলে নেওয়া হবে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট , হুমকির মুখে আলোচনা যায় না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের দিকে আরেকটি ‘আর্মদা’ ( যুদ্ধজাহাজের বিশাল নৌবহর) পাঠানোর একদিন পর এই মন্তব্য করলেন আরাকচি। 
উল্লেখ্য, সম্প্রতি  ইরানে বিক্ষোভের পর  উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।  এবারের বিক্ষোভকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে মারাত্মক দমন-পীড়নের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।