
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই বোন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান ও আলিমা খান বলেন, এই ষড়যন্ত্রের নেপথ্যে আছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির।
এই দুজনের সঙ্গে ষড়যন্ত্রকারী হিসেবে আরো একজনের নাম বলেছেন কারাবন্দী এই ক্রিকেটার-থেকে-রাজনীতিবিদের বোনেরা। তারা বলেন, তৃতীয় ব্যক্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তাদের পরিকল্পনায় 'প্রাণঘাতী' পরিকল্পনা করা হচ্ছে।
উজমা বলেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের সময় সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে, ‘জেলে তার কিছু হলে সে জন্য আসিম মুনির দায়ী থাকবেন।’
ষড়যন্ত্রের বিষয়ে উজমা বলেন, ‘গত সাক্ষাতে আমার ভাই ইমরান খান জোর দিয়ে বলেছিলেন যেন আমি বাইরে গিয়ে একটি কথা বলি, কিন্তু তখন আমি বলেছিলাম যে আমি তা করব না। তিনি আমাকে বলেছিলেন যে, তারা (সামরিক বাহিনী) তাকে ধীরে ধীরে মেরে ফেলবে এবং এর জন্য আসিম মুনির দায়ী থাকবেন। জেল কর্তৃপক্ষ তার সঙ্গে যেভাবে আচরণ করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নকভির মতো ব্যক্তিরা যা বলছেন, তা থেকে এখন আমি বুঝতে পারছি যে ইমরান সঠিক ছিলেন।’
উজমা অভিযোগ করেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) প্রধান, তাদের পরিবারকে হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, ‘নকভি আমাদের হুমকি দিচ্ছেন; তারা রক্তের স্বাদ পেয়ে গেছে।’ তার ভাই বা তাদের কোনো ক্ষতি হলে চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি ইমরান খানের বা আমাদের কিছু হয়, তবে আমার কথা মিলিয়ে নিয়েন, আমরা কারো ভবিষ্যৎ প্রজন্মকেও ছাড় দেব না।’
অন্যদিকে আলিমা তার ভাইয়ের স্বাস্থ্য সম্পর্কে বলেন, ইমরানের দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, কিন্তু তাকে তার বিশ্বস্ত মেডিকেল টিমের কাছে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না।
ইমরানের আরেক বোন নওরিন খান নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে তুলে ধরার জন্য ফিল্ড মার্শাল আসিম মুনিরের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘আপনি (মুনির) নিজেকে একটি মুসলিম সশস্ত্র বাহিনীর প্রধান দাবি করেন এবং বক্তৃতায় কোরআনের আয়াত উদ্ধৃত করেন, কিন্তু আপনি নিজেই তা মেনে চলতে অস্বীকার করেন। জাতি এখন সচেতন এবং পুরো বিশ্ব ইমরান খানের ওপর এই নিষ্ঠুরতা ও অমানবিক আচরণ দেখছে।’
তিনি আরও বলেন, এটি কেবল ইমরান খানের আইনি অধিকার নিয়েই উদ্বেগের বিষয় নয়; বরং এটি এই অবৈধ ও অনৈসলামিক শাসনের অধীনে পাকিস্তানে বিরাজমান চরম আইনহীনতাকে ফুটিয়ে তুলেছে। এটি আপনার বিশ্বাস, আপনার নেতৃত্ব এবং আপনার আসন্ন বিচারেরই এক কঠিন পরীক্ষা।
সরকারের বক্তব্য
ইমরান খানের পরিবারের এই নতুন অভিযোগগুলো ইসলামাবাদে শাহবাজ শরীফ সরকার এবং ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে রাজনৈতিক সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় জেল খাটছেন ইমরান খান এবং তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে।
তবে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের তথ্য ও তার বোনদের অভিযোগ নাকোচ করে দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুই সদস্যের মেডিকেল বোর্ড ইমরানের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর রাখছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে যে, চশমা ছাড়া ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি রেকর্ড করা হয়েছে ৬/২৪ (আংশিক), আর বাম চোখের দৃষ্টিশক্তি পরিমাপ করা হয়েছে ৬/৯।