দুর্ঘটনায় গুরুতর আহত নুসরাত এখন কেমন আছেন 

বিনোদন ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৬, ১৩:২৬

ইরান-ইসরায়েল যুদ্ধের আগ মূহর্তে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সেবার বহু কষ্টে ইসরায়েল থেকে শুটিং টিমের সঙ্গে দেশে ফিরতে পেরেছিলেন নুসরাত। সেই স্মৃতি ফিকে হওয়ার আগেই বিদেশ-বিভুঁইয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেত্রী।
এই সময়, আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন নুসরাত ভারুচা। বড়পর্দার নন্দিত এই তারকাকে দুর্ঘটনার পরপরই সেখানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ মুহূর্তে সেখানে তাঁর চিকিৎসা চললেও অতিদ্রুত মুম্বাইয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে বালি থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হবে। সেখানেই তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।
সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, কাজের সূত্রে বালিতে গিয়েছিলেন নুসরাত। কাজের পাশাপাশি ছুটি কাটানোর পরিকল্পনাও ছিল তাঁর। সেই কারণে নির্ধারিত সময়ের পর আরও কয়েক দিন বালিতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই ঘটে দুর্ঘটনা। চোট পাওয়ার পর তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। প্রথমে দুর্ঘটনার খবর প্রকাশ্যে এলেও, আঘাত কতটা সেটা জানা যায়নি।

পরে অভিনেত্রীর পিআর টিমের তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট জানানো হয়, নায়িকার মেরুদণ্ডে চিড় ধরেছে। সেই কারণে আর দেরি না করে মুম্বাইয়ে ফিরিয়ে এনে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে নুসরাত বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন হাস্যরস এবং রহস্যের মিশেলে নির্মিত তাঁর নতুন সিনেমা নিয়ে; যেখানে তাঁর সহশিল্পী টাইগার শ্রফ। এটি এই দুই তারকার প্রথম সিনেমা। নির্মাতা সূত্রে জানা গেছে, নতুন এই সিনেমায় নুসরাতের চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। পর্দায় তাঁর চরিত্রটির দৃঢ়তা এবং আবেগ, দুটোই ফুটিয়ে তোলা হচ্ছে। সিনেমায় নুসরাত ও টাইগার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এলবিশ যাদব প্রমুখ।
প্রসঙ্গত নুসরাত ভারুচাকে সর্বশেষ 'উফফ ইয়ে সিয়াপ্পা' সিনেমায় দেখা গেছে। যেখানে তাঁর সহশিল্পী ছিলেন সোহম শাহ। সেই ছবির পরে এবার টাইগার শ্রফের সঙ্গে নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী।