বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী ফ্লোরেন্স পিউ

বিনোদন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১০

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়কে ঘিরে যৌন নিপীড়নের একটি অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি বলেছেন, এমন ঘটনায় নারীদের পাশাপাশি পুরুষদেরও আতঙ্কিত, ক্ষুব্ধ ও মর্মাহত হওয়া উচিত। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, যৌন নিপীড়নের মতো গুরুতর ঘটনায় অনেকে কেন নীরব থাকেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন অভিযুক্ত ব্যক্তিদের ভবিষ্যৎ রক্ষাকে কখনো কখনো বেশি গুরুত্ব দেয়।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি নিয়ে গত সপ্তাহে নতুন করে আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীর অভিযোগ, ২০২৪ সালের অক্টোবরে একটি অনুষ্ঠানে সাতজন পুরুষ তাঁকে ধর্ষণ ও মাদক প্রয়োগ করেন। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা একটি মামলার সূত্রে অভিযোগটি প্রকাশ্যে আসে।
অভিযোগকারীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের পর অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজনকে বহিষ্কার করে। অন্যদের সাময়িক বরখাস্ত করা, কর্মশালায় অংশ নেওয়া কিংবা প্রবন্ধ লেখার মতো শাস্তি দেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
‘জেন ডো’ ছদ্মনামে পরিচিত ওই প্রাক্তন শিক্ষার্থী তখন ২০ বছর বয়সী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ভ্রাতৃসংঘের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর অভিযোগ, তাঁকে সুরক্ষা দিতে এবং কথিত নিপীড়ন ঠেকাতে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাযথ পদক্ষেপ নেননি।
‘আমাদের জন্য ক্ষুব্ধ হও’
ঘটনাটি নিয়ে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানান ফ্লোরেন্স পিউ। ওই পোস্টে তিনি লেখেন, তরুণীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা পড়ে তাঁর ‘অস্বস্তি, অসুস্থতা ও উদ্বেগ’ তৈরি হয়েছে। ঘটনাটিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তিনি বলেন, এমন ঘটনা অতীতেও ঘটেছে এবং এখনো ঘটছে—এ বিষয়ই তাঁকে সবচেয়ে বেশি বিচলিত করেছে।
পিউয়ের বক্তব্যের বড় অংশজুড়ে ছিল পুরুষদের ভূমিকা। তাঁর মতে, যৌন নিপীড়নের মতো ঘটনায় পুরুষদেরও নারীদের মতো আতঙ্কিত ও বীতশ্রদ্ধ হওয়া উচিত। এ ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়ার এবং নীরব থাকার সংস্কৃতি বদলের আলোচনাতেও পুরুষদের নেতৃত্ব দেওয়া দরকার।
পিউ প্রশ্ন তোলেন, ‘এমন মুহূর্তে তোমাদের অনেকেই যখন নীরব থাকো, তখন আমরা কীভাবে বিশ্বাস করব—সব পুরুষ এমন নয়?’

পিউ আরও জানতে চান, ধর্ষণের মতো ঘটনা কি হঠাৎ ঘটে যেতে পারে, নাকি এর পেছনে আগে থেকেই কোনো পরিকল্পনা ছিল। কেউ যদি আগে থেকে এমন কিছু ঘটতে পারে বলে জানেন এবং তা ঠেকানোর চেষ্টা না করেন, তাহলে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন
বিশ্ববিদ্যালয়ের শাস্তিমূলক ব্যবস্থার সমালোচনাও করেছেন পিউ। তাঁর মতে, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে শুধু ক্ষমা চেয়ে লিখিত বক্তব্য দেওয়া যথেষ্ট নয়। মানুষের জীবন ও মর্যাদার ওপর গুরুতর আঘাতের অভিযোগ উঠলে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে নিজের কঠোর অবস্থান জানিয়ে পিউ লেখেন, যাঁরা এমন অভিযোগের মুখে পড়েছেন, তাঁদের ‘স্বাভাবিকভাবে চলাফেরা করার অধিকার’ নিয়ে প্রশ্ন থাকা উচিত। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ঘটনার প্রতিবাদ করছেন এবং অভিযোগকারীর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সমর্থন জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, বিশ্বের বিভিন্ন জায়গায় কলেজ, স্কুল ও বিশ্ববিদ্যালয় নারীদের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে। অনেক সময় এমন একটি ধারণা তৈরি হয় যে পুরুষেরা গুরুতর ক্ষতি করলেও শেষ পর্যন্ত তাঁদের বড় কোনো পরিণতি ভোগ করতে হবে না।
পিউয়ের মতে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি কোনো পুরুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দ্বিধা করে, তাহলে সেই সিদ্ধান্তের প্রভাব ভুক্তভোগীর ওপরও বিবেচনা করা উচিত। কারণ, এতে একজন নারীর মনে হতে পারে, তাঁর অভিজ্ঞতা ও সত্যের চেয়ে অভিযুক্ত ব্যক্তির সুনামকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ধর্ষণ ও নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের যাঁরা রক্ষা করেন কিংবা তুলনামূলক হালকা শাস্তির ব্যবস্থা করেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার আহ্বান জানান পিউ।
বিবৃতির শেষ দিকে নারী-পুরুষের সমতার সঙ্গে নারীর নিরাপত্তার সম্পর্কের কথা বলেন পিউ। তাঁর মতে, নারীর শরীর ও নিরাপত্তার প্রতি যথাযথ সম্মান নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকৃত সমতা প্রতিষ্ঠিত হবে না।
নারীরা যেন নিরাপদ বোধ করেন এবং নিজেদের জীবন নিয়ে স্বাধীনভাবে চলতে পারেন, এটিই সমাজের অন্যতম লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তিনি। পুরুষদেরও নারীর নিরাপত্তার প্রশ্নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান অভিনেত্রী।
পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টা পর আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে পিউ দাবি করেন, তাঁর মূল পোস্টটি অনেকের কাছে দেখা যাচ্ছিল না। নিজের এবং কয়েকজন অনুসারীর পোস্টটি দেখতে সমস্যা হচ্ছিল বলে জানান তিনি। তখন প্রশ্ন তোলেন, ধর্ষণ নিয়ে কথা বলার কারণে কি তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্সর করা হচ্ছে? পরে অবশ্য পোস্টটি আবার সবার কাছে দৃশ্যমান হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
নারীর প্রতি সহিংসতা ও যৌন নিপীড়নের বিষয়ে এর আগেও প্রকাশ্যে কথা বলেছেন পিউ।