
ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ে করেছেন। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করে বিয়ের খবরটি নিজেই জানান তিনি। পরে গণমাধ্যমের কাছেও বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।
লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে ছবি প্রকাশ করে মিষ্টি জান্নাত ক্যাপশনে লেখেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’
পাশাপাশি পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক কোনো মন্তব্য না করার জন্য অনুসারীদের অনুরোধ করেছেন তিনি। তবে বিয়ের খবর প্রকাশের পর ভক্ত-অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে আরও আগেই সম্পন্ন হয়েছে। এতদিন বিষয়টি ব্যক্তিগত রাখতেই স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি। এখনো স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় জানাননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। উপযুক্ত সময়ে তার নাম ও পরিচয় প্রকাশ করবেন বলেও জানিয়েছেন মিষ্টি জান্নাত।
২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিষ্টি জান্নাত। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’ ও ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অভিনয় দিয়ে বড় ধরনের সাড়া না পেলেও ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন মন্তব্যের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন মিষ্টি জান্নাত। এবার নিজের বিয়ের খবর প্রকাশ করে ফের সংবাদমাধ্যমের আলোচনায় উঠে এলেন এই অভিনেত্রী।