
মাতৃত্বের কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন ক্যাটরিনা কাইফ। যে কারণে অনেকের অজানা সন্তান জন্মের কারণে কতটা শারীরিক পরিবর্তন ঘটেছে এই বলিউড তারকার। তাই বহুদিন পর ক্যাটরিনাকে দেখতে পেয়ে চমকে গেছেন অনেকে। তাদের কেউ কেউ অভিনেত্রীর চেহারা নিয়ে কটাক্ষ করতেও দ্বিধা করেননি।
বিষয়টি আঁচড় কেটেছে ক্যাটরিনার মনে। যেজন্য এবার কটাক্ষের জবাব দিলেন হিন্দি সিনেমার নন্দিত এই তারকা।
এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মাতৃত্বের কারণে ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে দিনের পর দিন নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করে চলেছেন। এটি নিয়ে এবার খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার আগে ও পরে তাঁর ছবি পাশাপাশি রেখে কটাক্ষ, বডি শেমিংও করা হয়েছে বহুবার।
বিষয়টি নিয়ে আলি জাফর, সোনারিকা ভাদোরিয়া, শিবালিকা ওবেরয়ের মতো একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য ও আচরণের সমালোচনা করেছেন।
ক্যাটরিনার কথায়, সন্তান জন্মের পর তাঁর ত্বক আগের তুলনায় আরও সংবেদনশীল হয়ে পড়েছে। ফলে কোন প্রসাধনী তাঁর ত্বকের জন্য উপযুক্ত, তা বুঝতে বেশ কিছুটা সময় লেগেছে। সেই সময়ে তিনি ত্বকের যত্নের জন্য এমন কিছু সামগ্রী বেছে নিয়েছিলেন, যা আরাম দেয়। তবে শুধু ত্বকের যত্ন নয়, সময়ের সঙ্গে সৌন্দর্য সম্পর্কে ধারণাও বদলেছে তাঁর।
মডেলিং ও অভিনয়ের শুরুর দিকে সৌন্দর্যের কিছু নির্দিষ্ট মাপকাঠি নিয়ে চাপ ছিল। এখন তাঁর কাছে সুন্দর দেখানোর অর্থ হলো নিজের মধ্যে ভালো থাকা। তাই চেহারা নিয়ে যারা নেতিবাচক কথা বলছেন তাদের সৌন্দর্য সম্পর্কে সত্যিকারের কোনো ধারণা নেই। কারণ বিভিন্ন বয়স এবং মাতৃত্বের আগে ও পরের সৌন্দর্য আলাদা–এ কথা জানা নেই নেতিবাচক মন্তব্যকারীদের।