
হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।
দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন গিটারিস্ট ইমরান আহমেদ। এরপর চলেছে টানা চিকিৎসা। এই হাসপাতাল তো এই বাসা। গত সপ্তাহে শরীরের অবস্থা অবনতি হতে থাকে। এর পর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।
আফতাবুজ্জামান ত্রিদিব প্রথম আলোকে বলেন, ‘ওর শরীরটা ভালো যাচ্ছিল না। বলা যায় এক বছর যাবত বেশি অসুস্থ ছিল। হাসপাতালেই থাকতে হয়েছে এ সময়েই। ওর জন্য সবাই দোয়া করবেন। আমরা এখন হাসপাতালেই আছি। জানাজা ও দাফনের বিষয় এখনো পারিবারিকভাবে চূড়ান্ত হয়নি। সব চূড়ান্ত হলে আমরা জানিয়ে দেব।’
২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের পথচলা শুরু। প্রথম লাইনআপে ছিলেন ইমরান আহমেদ। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন ইমরান আহমেদ।
‘মেকানিক্স’ ছাড়ার পর আর কোনো ব্যান্ডে যোগ দেননি ইমরান। পারিবারিক ব্যবসায় যুক্ত ছিলেন এরপর। ব্যক্তিজীবনে স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন তিনি।