
শুধু প্রেমনির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ রিট আবেদন করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটকশিল্পে প্রেম ও মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। এসব কনটেন্টের অবাধ সম্প্রচার সমাজে ‘মারাত্মক নেতিবাচক প্রভাব’ ফেলছে বলে আবেদনে দাবি করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মূলধারার এসব মাধ্যমে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যভিচার ও ধর্ষণের মতো বিষয়কে ‘স্বাভাবিক’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এতে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হচ্ছে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়েছে।
এ ধরনের কনটেন্ট যুবসমাজের মনস্তাত্ত্বিক বিকাশে বাধা সৃষ্টি করছে এবং সমাজে নারীর প্রতি সহিংসতা ও অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
রিট আবেদনে সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করে বলা হয়েছে, শালীনতা বা নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে এ স্বাধীনতার ওপর যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করা যায়। জননৈতিকতা ধ্বংসকারী কনটেন্ট অবাধে সম্প্রচার করা এ অনুচ্ছেদের সুরক্ষা পেতে পারে না বলেও দাবি করা হয়েছে।
এ ছাড়া ২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ও কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের সংশ্লিষ্ট ধারার কথা উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি কনটেন্ট নিষিদ্ধ করার বাধ্যবাধকতা রয়েছে।
শুধু প্রেমনির্ভর কনটেন্ট নিষিদ্ধ করার পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষা বিষয়ক নাটক ও চলচ্চিত্র নির্মাণ এবং সম্প্রচারে সংশ্লিষ্টদের প্রতি বাধ্যতামূলক নির্দেশনা জারিরও আবেদন করা হয়েছে।