
বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে রোববার (২৬ জুলাই) রাতে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন।
স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ অনুযায়ী, ইমন নামের এক ব্যক্তি তাকে আশিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব দেন। এর জন্য তাকে ১৬ লাখ টাকার চুক্তি (কন্ট্রাক্ট) অফার করা হয়েছিল।চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে ২৪শে জুলাই রাতে তাকে ও তার মাকে খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় অবস্থিত আশিয়ান মেডিকেল কলেজের একটি অফিসে ডেকে নেওয়া হয়।
অফিসে যাওয়ার পর আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী মনে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই সময় ইমন পরিস্থিতি শান্ত না করে উল্টো স্নিগ্ধাকে ওই পরিচয় মেনে নেওয়ার জন্য ইশারা করেন। অভিনেত্রী দাবি করেন, জেবা তাকিয়া চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছিলেন। তিনি স্নিগ্ধাকে তাকিয়া ভেবে মারধর করেছেন।
স্নিগ্ধা বলেন, ‘তিনি রশি দিয়ে আমার দুই পা বাঁধল। এবং সেই রশি সম্পর্কে আমাকে বলে, এই রশি দিয়ে হাসিনা-রাজাকারদেরকে ফাঁসি দিয়েছে! তারেক রহমান আইসা আমার পায়ের কাছে পড়ে থাকে। হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে। সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে! তোর মতো মেয়ে মরলে আমার কিছু যায় না। আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি।’
তিনি যোগ করেন, ‘আমি ওই রুমের মধ্যে একা। তার যত লোকজন আছে সবাইকে বের করে দিয়েছে। আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোনটা ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে!’
অভিনেত্রী জানান, মারধরের সময় চেয়ারম্যানকে তিনি বলেন, আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। তখন অভিযুক্ত অভিনেত্রীর চুল টেনে ধরে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন, যার ফলে তাঁর শরীর ফুলে গেছে।
শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, আমার বাবা-মা আমাকে জীবনে টোকা দেয় নাই! আমার বাবা-মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই। সে আমার চুল টেনে ধরে লাথি মেরেছে। এগুলা ফুলে ফুলে আছে। এমনকি তার মুখে গরম কফি ঢেলে দেওয়া এবং জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর অভিযোগও রয়েছে।
ঘটনার পর তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
পরবর্তীতে ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় প্রথমে দ্বিধাবোধ করলেও, অবশেষে ২৬শে জুলাই রাতে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আশিয়ান গ্রুপের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতিতে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ "বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত" বলে দাবি করা হয়েছে।
স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের একজন পরিচিত মডেল ও অভিনেত্রী। তিনি ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। গত ঈদে সিনেমাহলে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘প্রেশার কুকার’।