ঈদের সালামি নিয়ে আমাদের তো মারামারিও হতো: সাবিলা

ডেস্ক রিপোর্ট
  ২০ মার্চ ২০২৬, ১৬:৫১

ঈদের সালামি নিয়ে শৈশবের দৌড়ঝাঁপ আর মধুর স্মৃতির কথা মনে করলেন সাবিলা নূর। ঈদ সামনে, চারদিকে উৎসবের আমেজ—আর এই আবহেই নিজের ঈদ পরিকল্পনা ও সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। তাই এবারের ঈদ প্রস্তুতির পুরোটা জুড়েই রয়েছে সিনেমাটির প্রচার ও দর্শকের প্রতিক্রিয়া ঘিরে প্রত্যাশা। সাবিলা বলেন, ‘এবারের ঈদের প্রস্তুতিটা পুরোপুরি সিনেমাকে ঘিরেই। ইচ্ছা আছে হলে গিয়ে দর্শক ও পরিবারের সঙ্গে সিনেমাটা দেখব, সবার প্রতিক্রিয়া উপভোগ করব।’
ঈদ এলেই শৈশবের স্মৃতিগুলো যেন নতুন করে নাড়া দেয়। সেই স্মৃতির ঝাঁপি খুলে সাবিলা জানান, চট্টগ্রামে থাকা নানাবাড়ি-দাদাবাড়িতে কাটানো সময়গুলোই ছিল তাঁর ঈদের সবচেয়ে আনন্দের মুহূর্ত। ‘পরিবারের সবাই, বিশেষ করে কাজিনদের সঙ্গে দারুণ সময় কাটত। ঘুরতে যেতাম, আর সালামি নিয়ে দৌড়ঝাঁপ—এমনকি মারামারিও হতো,’-হেসে বললেন তিনি।
শিশুকালের ঈদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল সালামি। সেই অভিজ্ঞতা নিয়েও মজার স্মৃতি শেয়ার করেন সাবিলা। ‘নানা-নানি, দাদা-দাদির কাছ থেকে সালামি নিতাম। কে আগে পাবে, তা নিয়ে চলত প্রতিযোগিতা। আর টাকা পেলেই মায়ের কাছে জমা দিতাম’-বললেন তিনি।
বনলতা এক্সপ্রেস-এ ‘চিত্রা’ চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন ও মোশাররফ করিম।
হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানিম নূর।