জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫১

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন এ শাখার কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আড্ডা রেস্টুরেন্টের পরিচালক আমিনুল ইসলাম মিঠুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আড্ডা রেস্টুরেন্টের পরিচালক আমিনুল ইসলাম মিঠু বলেন, মানসম্মত খাবার পরিবেশন এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে তারা সবসময় গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন। পরিবারের সদস্যদের নিয়ে স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর জন্য জ্যাকসন হাইটসের শাখায় সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। সবার আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার আশাবাদ ব্যক্ত করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে নিউইয়র্কের ব্রঙ্কসে যাত্রা শুরু করে আড্ডা রেস্টুরেন্ট। ব্রঙ্কস শাখায় গ্রাহকদের সাড়া ও জনপ্রিয়তার পর এবার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে দ্বিতীয় শাখা চালু করা হলো। নতুন শাখাটি সপ্তাহের সাত দিনই সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।