সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য নতুন নিয়ম

কাজের অনুমতিপত্র বাধ্যতামূলক, ফি নির্ধারণ ১০০ রিয়াল

ডেস্ক রিপোর্ট
  ১৪ জুন ২০২৬, ১৫:২১

সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি (বিশেষ আবাসন সুবিধা) হোল্ডারদের জন্য নতুন করে কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি আরবের শ্রমবাজার ব্যবস্থাপনা সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ (Qiwa)-এর নতুন নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য ইকোনোমিক টাইমস।
নতুন নিয়ম অনুযায়ী, প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য নির্ধারিত এই ওয়ার্ক পারমিটের ফি ধরা হয়েছে ১০০ সৌদি রিয়াল। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্ম দেশটির শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন সেবা ডিজিটালভাবে পরিচালনা করে থাকে। এর মাধ্যমে প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ প্রক্রিয়া এবং ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।
কিউয়ার নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হবে কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে। অর্থাৎ বড় কোম্পানি ও বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফি কাঠামো ভিন্ন হবে।
এছাড়া সৌদি সরকারের ‘তামহীর’ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় থাকা চুক্তিগুলো এখন থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতির হিসাব বা বিদ্যমান কর্মসংস্থান সংক্রান্ত বাধ্যবাধকতার অংশ হিসেবে গণ্য হবে না বলে জানানো হয়েছে।
পেমেন্ট ব্যবস্থাতেও এসেছে আধুনিকায়ন। সেবা ফি পরিশোধ করা যাবে ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম এবং কিউয়ার ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে।
পদত্যাগ সংক্রান্ত নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো নিয়োগকর্তা আবেদন গ্রহণ বা স্থগিত না করলে কর্মীরা পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে নোটিশ পিরিয়ডের শর্ত চাকরির চুক্তি অনুযায়ী ভিন্ন হতে পারে।
অন্যদিকে ভিসা সংক্রান্ত নিয়মেও কঠোরতা আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, একবার ভিসা ইস্যু হওয়ার পর তার কোনো তথ্য সংশোধন করা যাবে না। কোনো ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে।
শ্রমবাজারে স্বচ্ছতা ও ডিজিটাল ব্যবস্থাপনা আরও জোরদার করার অংশ হিসেবেই এসব পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।