
ব্রঙ্কসে মুক্তিযোদ্ধা সংসদ ও সিনিয়র সিটিজেন ফোরামের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি (রোববার) বিকাল ৩টায় স্থানীয় হাসান চাইনিজ রেস্টুরেন্টে যৌথভাবে এ আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক এবং সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা ওবাদুল হক। দোয়ায় মহান ভাষা আন্দোলনের ৫২’র ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনকের সাবেক সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার মায়ের সুস্থতা, উপস্থিত সবার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়। মরহুম ডা. ফেরদৌস আহমেদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সংগঠনের প্রয়াত সদস্য হুমায়ন কবির, জীবন বিশ্বাস, কাইয়ুম হোসেন, রফিকুল ইসলাম ও মফিজ উদ্দিন মাছুমকে বিশেষভাবে স্মরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান। ইফতার ও দোয়া মাহফিল এর আহ্বায়ক কমিটিতে যৌথভাবে দায়িত্ব পালন করেন হাসান আলী এবং বীর মুক্তিযোদ্ধা আবু জাফর। সমন্বয়কারী ছিলেন কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির ও কবি আবু তাহের চৌধুরী। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই ইফতার গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কবি আবু তাহের চৌধুরী।
এতে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ ও সিনিয়র সিটিজেন ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।