মিশিগানের বিভিন্ন শহরে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

ডেস্ক রিপোর্ট
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫০

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে। ডেট্রয়েট, ওয়ারেন ও হ্যামট্রাম্যাকসহ নানা স্থানে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, হাতেখড়ি, প্রসাদ বিতরণ এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, শুভ্রতা ও বিশুদ্ধতার প্রতীক। এ উপলক্ষে শিশু, কিশোর, তরুণ-তরুণী ও নারীরা শ্বেত পোশাকে মন্দিরে উপস্থিত হন। পূজার দিন মন্দির প্রাঙ্গণগুলো শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
দুর্গা টেম্পল 
ডেট্রয়েটের দুর্গা টেম্পলে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে পূজা, দুপুরে পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি ও প্রসাদ বিতরণ করা হয়। পরে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি গ্রুপে বিভক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সবার জন্য মেডেলের ব্যবস্থা ছিল। শিশুদের আঁকা ছবিতে বাংলাদেশ, বাংলার প্রকৃতি ও সংস্কৃতির উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে।
এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরেরা কবিতা ও গান পরিবেশন করে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর, বিশ্বেশ্বর চন্দ ও বৈশালী দেব। মন্দিরের প্রেসিডেন্ট পঙ্কজ দাশ ও ভাইস প্রেসিডেন্ট নিপেশ সূত্রধর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আগত ভক্তদের ধন্যবাদ জানান। মন্দিরের মিডিয়া ও পাবলিকেশন পরিচালক পার্থ দেব বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এখানে সরস্বতী পূজা জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে আসছে।
শিব মন্দির
ওয়ারেন সিটির শিব মন্দিরে তিথি অনুযায়ী ২৩ জানুয়ারি পূজা, পুষ্পাঞ্জলি, হাতেখড়ি ও প্রসাদ বিতরণ করা হয়। ২৫ জানুয়ারি পুনরায় আয়োজন করা হয় পূজা ও সাংস্কৃতিক কর্মসূচি। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গান-নৃত্যের পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
কালী মন্দির
২৩ ও ২৪ জানুয়ারি দুই দিনব্যাপী কালী মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, হাতেখড়ি ও প্রসাদ বিতরণের পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
রাধাকৃষ্ণ টেম্পল
২৩ জানুয়ারি তিথিমতো পূজা এবং ২৪ জানুয়ারি সরস্বতী পূজা উদযাপন করা হয়। দিনব্যাপী পূজা, পুষ্পাঞ্জলি, হাতেখড়ি ও প্রসাদ বিতরণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ ছাড়া প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন বাড়িতেও তিথি অনুযায়ী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সব আয়োজনেই শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।