হ্যামট্রাম্যাক শহরের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৪:২০


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের নবনির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন অ্যাডাম আলহারবি। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।
শপথ গ্রহণের আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাডাম আলহারবি বলেন, “আমি অত্যন্ত উচ্ছ্বসিত ও আনন্দিত। আমার বিশ্বাস, হ্যামট্রাম্যাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা শহরকে আরও উন্নত করতে কঠোর পরিশ্রম করব। এই শহরে বিপুল সম্ভাবনা রয়েছে, আর সে সম্ভাবনাকে কাজে লাগাতে আমি কাজ করে যাব।”
চলমান একটি আইনি প্রক্রিয়ার মধ্যেই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৭টি অনুপস্থিত ভোটারের ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা নিয়ে আইনি লড়াই চলমান রয়েছে। এসব ভোট অন্তর্ভুক্ত হলে নির্বাচনের ফলাফল পরিবর্তন হতে পারে বলে দাবি করেছেন আলহারবির প্রতিদ্বন্দ্বী মুহিত মাহমুদ।
অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এদিন মেয়রের পাশাপাশি তিনজন কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। তারা হলেন আবু মুসা, নাঈম চৌধুরী ও ইউসুফ সাঈদ।
হ্যামট্রাম্যাক শহরের মেয়র নির্বাচন এবং শপথ গ্রহণ পর্যন্ত পৌঁছানোর পথটি ছিল দীর্ঘ ও ঘটনাবহুল। গত ডিসেম্বরের শুরুতে ভোট পুনর্গণনার মাধ্যমে অ্যাডাম আলহারবি অল্প ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী মুহিত মাহমুদকে পরাজিত করেন। তবে সিটি ক্লার্কের কার্যালয়ে পাওয়া ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করার দাবিতে মাহমুদ আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি মিশিগান সুপ্রিম কোর্টে একটি জরুরি আপিল দায়ের করেছেন, যা এখনো বিচারাধীন রয়েছে।