
দীর্ঘ গ্রীষ্মের ছুটি শেষে আগামী ১০ সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে শুরু হচ্ছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ। শিক্ষাবর্ষ শেষ হবে ২৮ জুন ২০২৭। স্কুল শুরুর আগে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি চলছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিম্নআয়ের পরিবারের শিশুদের মধ্যে ‘ব্যাক টু স্কুল’ প্যাক বিতরণ করছে। এতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহে সহায়তা পাচ্ছে অনেক পরিবার।
যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে ইতোমধ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের আরও প্রায় তিন সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। দেশের ২০টি বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে নিউইয়র্ক সিটিই একমাত্র, যেখানে সেপ্টেম্বর মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে।হিউস্টন ও লাস ভেগাসে ১০ আগস্ট, লস অ্যাঞ্জেলেসে ১২ আগস্ট এবং মিয়ামিতে ১৩ আগস্ট শিক্ষার্থীরা স্কুলে ফিরেছে। সোমবার ফিলাডেলফিয়া, শিকাগো ও ডেনভারের শিক্ষার্থীরাও নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে।